শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সরকার ভয় পেয়েছে বলেই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, এরপর রাজনৈতিক কর্মসূচিতে আর কোনো বাধা মানা হবে না। যেখানে বাধা আসবে সেখানেই সমাবেশ করবে দলটি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, যেখানেই বাধা সেখানেই সমাবেশ। ১০ ডিসেম্বর ঢাকা হবে সমাবেশের শহর। শেখ হাসিনা কতো বাধা দেবেন?
তিনি বলেন, আমাদের দাবি এখন একটাই সরকারের অবিলম্বে পদত্যাগ। পুলিশ ও প্রশাসনকে বলব আপনারা নিরপেক্ষ থাকুন কারণ শেখ হাসিনা আর নেই। শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান আন্দোলনে ভীত হয়েই প্রশাসনের কর্মকতাদের সঙ্গে বিএনপির সংযোগ খুঁজতে শুরু করেছে সরকার।
গণপরিবহন বন্ধ রাখা হলেও খুলনার সমাবেশে লাখো মানুষ উপস্থিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এর আগে দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন ঢাকা মহানগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে জড়ো হওয়ায় ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।