রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে বর্তমানে রিজার্ভ রয়েছে ২৭ বিলিয়ন ডলার, যা সরকার স্বীকার করছে না। রিজার্ভের টাকা সরকার নিজেদের বিভিন্ন খাতে খরচ করছেন।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো দুঃশাসন গত ৫০ বছরে বাংলাদেশ দেখেনি।
তারা শুধু লগি-বৈঠা দিয়েই মানুষ মারে না। আরো কতভাবে মানুষ মারে তার সব হিসাব আমাদের কাছে আসে না। আমি বলব, বাবা এবার তোরা যা। তোরা গেলেই আমরা বাঁচি। প্রধানমন্ত্রী এত ক্ষমতা পান কিভাবে। দেশে আজ শেখ হাসিনার কথায় সব থেমে যায়। অর্থনীতি-রাজনীতি যাই বলেন না কেন।
তিনি আরো বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ এক-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। সময় এসেছে, মানুষ বিদ্রোহ করছে। লঞ্চ-বাস বন্ধ করে কোনো লাভ হবে না। আমি বিএনপি করি না। কিন্তু আমি শেখ হাসিনার পতন চাই। এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগের পতন শুধু দিনের ব্যাপার। এমন অবস্থা আসবে যখন পতনের দিন গুনতে থাকবে মানুষ।
মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতি হওয়া উচিত সুকুমার বৃত্তি ও মহৎ পেশা হিসেবে। যদি তাই হয়, তাহলে রাজনীতিতে এত ঘৃণা-বিদ্বেষ কেন। আমাদের দেশে সন্ত্রাস আর হানাহানি বন্ধ না হলে দেশের মানুষ শান্তি পাবে না। ‘
ইয়ুথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আহসান হাবীব রিঙ্কন, ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইসমাইল তালুকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।