রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

রংপুরে বাস বন্ধ, ভোগান্তিতে মানুষ

মহাসড়কে অবৈধ যান বন্ধ ও প্রশাসনের হয়রানির প্রতিবাদে শুক্রবার ভোর থেকে রংপুরে চলছে পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া মানুষ। বিকল্প বাহনে চড়ে গন্তব্যে পৌঁছাতে তাদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। ধর্মঘটের কারণে ভোগান্তিতে আশপাশের জেলার মানুষও।

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে শুক্রবার সকাল ছয়টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর জেলা বাস মালিক সমিতি ধর্মঘট ডাকে। ভোর থেকেই নগরীর মডার্ন মোড়, বাস টার্মিনাল, কামারপাড়া, মেডিকেল মোড়, পার্কের মোড়ে গাড়ির অপেক্ষায় দেখা গেছে অসংখ্য মানুষকে।

বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন অনেকে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি সময়ও লাগে বেশি।

পরিবহন শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলারের কারণে বাড়ছে দুর্ঘটনা। এসব অবৈধ যান বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এর জেরেই এই ধর্মঘট।

রংপুর মহানগর মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলু মিয়া বলেন, মহাসড়কে নসিমন, অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রংপুর বিভাগীয় কমিটি ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। বিভাগীয় কমিটি থেকে এই সিদ্ধান্তের কথা জানালে গাইবান্ধা জেলাতেও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে কাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

রংপুরে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে আশপাশের জেলাগুলোর যাত্রীরাও। পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ের গাড়িগুলো বিকল্প পথ হিসেবে দিনাজপুর হয়ে চলাচল করছে। বন্ধ লালমনিরহাট থেকে ঢাকাগামী যান চলাচল। বগুড়া থেকে মোকাতলা পর্যন্ত বাসে গিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে গাইবান্ধাসহ আশেপাশের জেলাগুলোতে।

শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে রংপুরের পরিবহন ধর্মঘট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com