রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
বলিউডে এখনো নাম লেখাননি। তারপরও দর্শকের আগ্রহের কমতি নেই অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার প্রতি। এবার তিনি আলোচিত তার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নন্দা’ নিয়ে। সম্প্রতি তার অনুষ্ঠানে এসে প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তার নানি জয়া বচ্চন। সঙ্গে ছিলেন নব্যার মা শ্বেতা বচ্চনও। ‘মডার্ন লাভ : রোমান্স অ্যান্ড রিগ্রেটস’ শিরোনামের এই পডকাস্টে জয়া কথা বলেন সম্পর্কের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। তার ভাষ্য, ‘আমার মুখে এমন কথা শুনে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু এটাও ঠিক, শারীরিক আকর্ষণ ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় যা করতে পারতাম না, এখনকার ছেলেমেয়েরা তা করছে, করবেই বা না কেন?’ জয়া আরও বলেন, ‘শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। এখনকার রোমান্সে আবেগের অভাব দেখা যায়… আমি মনে করি তোমার যে ভালো বন্ধু তাকেই বিয়ে করা উচিত। এটা হলে তুমি তার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলতে পারবে। বলতে পারবে, তোমাকে পছন্দ করি, আমরা সন্তান নিতে পারি… চলো বিয়েটা সেরে ফেলি।’ এখানেই শেষ নয়, বিয়ের আগে মা হওয়া নিয়েও কোনো সমস্যা নেই জয়া বচ্চনের। নব্যাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিয়ে ছাড়াই যদি তুমি মা হও, আমার কোনো সমস্যা নেই, সত্যিই নেই।’ রাজনীতিসহ নানা ব্যস্ততায় এখন অভিনয়ে খুব একটা নিয়মিত নন ‘গুড্ডি’খ্যাত এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে।