শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফখরুল পৌঁছবেন বিকেলে, উৎসবের আমেজ বঙ্গবন্ধু উদ্যানে

আগামীকাল শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির গণসমাবেশ। ইতিমধ্যে বরিশালের পাঁচ জেলার নেতাকর্মীরা এসে গণসমাবেশের নির্ধারিত স্থান বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নিয়েছেন। তবে অভিযোগ রয়েছে, বরিশাল জেলার বিভিন্ন উপজেলার নেতাদের বরিশালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাবুগঞ্জ, হিজলা, মুলাদী, উজিরপুর, বানরীপাড়াসহ বেশ কয়েকটি উপজেলার নেতাকর্মীরা এ অভিযোগ তুলেছেন।

দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের সকল পরিবহন শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকেই বন্ধ ছিল। তিন চাকার সকল যানবাহনও শুক্রবার সকাল থেকে চলাচল করেনি। এদিকে অভ্যন্তরীণ রুটের সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। মোটরসাইকেলও তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে নগরীতে। এসব বাধা উপেক্ষা করেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হেঁটে সমাবেশস্থলের দিকে শুক্রবার সকাল থেকেই যাচ্ছেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেল ৪টার ফ্লাইটে বরিশাল বিমানবন্দর এসে পৌঁছবেন। বিমানবন্দরের আশপাশে হিজলা, মুলাদী ও বাবুগঞ্জের পাঁচ হাজারের বেশি নেতাকর্মী অবস্থান নেবেন। তারা দলীয় মহাসচিবের সাথে বরিশাল সমাবেশস্থলে আসার তথ্য রয়েছে। এদিকে বেলা যত গড়াচ্ছে বিএনপির গণসমাবেশের জন্য নির্ধারিত স্থান বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধু উদ্যানে জুমার নামাজ আদায় করেছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলার তাঁবুতে নেতাকর্মীদের বিশ্রাম নেওয়ার চিত্র দেখা গেছে। কোনো কোনো তাঁবুতে দেখা যাচ্ছে নারী নেত্রীরা রান্না করছেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাবেশের মঞ্চ তৈরির কাজ এখনো চলছে। কাজ তদারক করছেন কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতারা। বঙ্গবন্ধু উদ্যানে অন্তত ৩০টি তাঁবু টানানো হয়েছে। ওই তাঁবুগুলোতে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছেন। অধিকাংশ তাঁবুর মধ্যে চলছে রান্নাবান্না। আর রান্নার কাজ করছেন দলের মহিলা নেত্রীরা। কোনো কোনো তাঁবুর মধ্যে দেখা গেছে রাতজাগা নেতাকর্মীরা বিশ্রাম করছেন। কোথাও চলছে গান-বাজনা।

কথা হয় নলছিটি উপজেলার মহিলা দল নেত্রীর সাথে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা অতিক্রম করে তারা বৃহস্পতিবার সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। তাদের উপজেলা থেকে বেশ কয়েকজন মহিলা নেত্রী এসেছেন। নারীরা মিলেমিশে রান্নার কাজ সামলাচ্ছেন। এরপর খাওয়ানো হচ্ছে অন্য নেতাকর্মীদের।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির তৈরি করা তাঁবুর মধ্যেও একই চিত্র দেখা যায়। সেখানেও মহিলা দল নেত্রীরা রান্নাবান্না করে নেতাকর্মীদের খাওয়াচ্ছেন।

বিএনপি বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুল হক নান্নু বলেন, গণসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল ৪টার ফ্লাইটে বরিশালের উদ্দেশে রওনা দেবেন। এরপরে বরিশাল পৌঁছে তিনি সমাবেশস্থল পরিদর্শন করবেন। নান্নু দাবি করেন, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হতে সব ধরনের বাধার সৃষ্টি করেছে আওয়ামী লীগ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ইতিমধ্যে অধিকাংশ নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করা হয়েছে। যে সকল নেতাকর্মী মাঠে অবস্থান নিয়েছেন তাদের শুকনা খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কারণে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতেও ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন কর্মীরা, দাবি করেন ফারুক।

গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সমাবেশে কাউকে প্ররোচনা দিয়ে আনা হয়নি। নিজ দায়িত্ববোধ থেকে দেশ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগদানের জন্য এসেছে। লঞ্চ, বাস, তিন চাকার পরিবহন, মোটরসাইকেল, এমনকি রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর গণজোয়ার আটকাতে সক্ষম হয়নি আওয়ামী সন্ত্রাসীরা। শিরিন দাবি করেন, লক্ষাধিক লোকসমাগম হবে গণসমাবেশে। তিনি বলেন, পাঁচটি জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়ে তাঁবু টানিয়ে বৃহস্পতিবার রাত্রিযাপন করেছেন। নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী―এই তিনটি উপজেলার নেতাকর্মীরা মীরগঞ্জ ফেরি ও খেয়া পার হয়ে আসার একমাত্র পথ ব্যবহার করে। তবে মীরগঞ্জ খেয়ায় ফেরি চলাচল ও ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আমরা এই তিনটি উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা কৌশলী অবস্থান নিয়েছি। ’ যেকোনো বাধাই আসুক না কেন, সমাবেশস্থলে তারা উপস্থিত হবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com