রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসহ আহত হয়েছেন আরও চারজন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার নোয়াগাঁও এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত রিফাত ও জোহরা বেগম কিশোরগঞ্জ সদরের অধিবাসী। আর আহতরা হলেন- মদারীপুর জেলার কালকিনি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন এবং অজ্ঞাতনামা একজন।