শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুলতানা আহমেদকে গ্রেপ্তার অমানবিক: রিজভী

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার অমানবিক বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকা পৌঁছালে আজ সুলতানা আহমেদসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র‌্যাব।

রোববার (৬ নভেম্বর) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, সুলতানা আহমেদকে গ্রেপ্তার শুধু অমানবিকই নয়, একজন সম্মানিত নারী নেত্রীর প্রতি চরম অবমাননা এবং সরকারপ্রধানের ব্যক্তিগত ক্রোধ চরিতার্থ করার বর্ধিত প্রকাশ। দেশে শুধু বিরোধী দলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না।

তিনি আরও বলেন, দেশে শিশু-বৃদ্ধ-নারী-পুরুষ প্রত্যেকেই ভয়ানক ভয়ের পরিবেশের মধ্যে দিন যাপন করছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক সরকারি জুলুমের মধ্যে পড়তে পারে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই জুলুমেরই শিকার হয়েছেন। অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা মানেই বন্দুকের নিশানা হওয়া।

রিজভী বলেন, সরকার জুলুমের নানা ধরনের বৃত্ত রচনা করেছে। সুলতানা আহমেদকে তুলে নিয়ে কোন ‘আয়নাঘরের’ কয়েদখানায় রাখা হয়েছে সেটি আমরা কেউ জানি না। দুঃশাসনের জাল আষ্টেপৃষ্ঠে চারিদিক দিয়ে বেঁধে ফেলা হচ্ছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র যাতে ফিরে আসতে না পারে সে কারণে গভীর ভয়ের ঘেরাটোপে বাংলাদেশকে বন্দী করে রাখতে চাচ্ছে শেখ হাসিনা। সবাইকে চুপ থাকতে হবে, কেউ যাতে নড়াচড়া করতে না পারে-এটাই শেখ হাসিনার নীতি। শেখ হাসিনার পৃষ্ঠপোষক র‌্যাব-৩ সুলতানা আহমেদকে গ্রেপ্তার করে যে কলঙ্কজনক উদাহরণ সৃষ্টি করেছে তা অমানবিক ও কাপুরুষোচিত।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার ১৪ বছরের কুশাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছে নারীরা। ‘৭১ এ বাংলার মানুষকে নিধনে ইয়াহিয়া খান যে বর্বরোচিত দৃষ্টান্ত রেখেছে সেটিকে অনুসরণ করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী এক স্বৈরশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে মনুষ্যত্বহীন সকল কর্মকাণ্ডের জননী হচ্ছেন শেখ হাসিনা। বিএনপির পক্ষ থেকে সুলতানা আহমেদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহবান জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মো. মুনির হোসেন, আলী আকবর চুন্নু, ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com