শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নিরুপায় হয়ে অবশেষে গত ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পদযাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫০০ কিলোমিটার পথ ১৫০ দিনে পাড়ি দেবেন তিনি। তার এই অভিনব পদযাত্রার লক্ষ্য হলো নিজ দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি ভোটারদের মধ্যে ফের আগ্রহ জাগিয়ে তোলা। ভারতের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটিকে এখন ভোটের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।
রাহুল গান্ধীর প্রতিটি পদক্ষেপ লাইভ ফিডে এবং সোশাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। কিন্তু তিনি আর দলটির নেতা নন। আগামী নির্বাচনে কংগ্রেসের নেতৃত্ব দেবেন দলটির নতুন সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। ২০ বছর পর ফের দলটির নেতৃত্ব গান্ধী পরিবারের হাতছাড়া হলো। স্বাধীন ভারতের ৭৫ বছরের মধ্যে ৪০ বছরই দেশটির ক্ষমতা ছিল গান্ধী পরিবারের হাতে। আর বাকী ৩৫ বছরেরও বেশিরভাগ সময়ই কংগ্রেসের নেতৃত্ব গান্ধী পরিবারেই ছিল।
কিন্তু বিশ্লেষকরা বলছেন, হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির জনপ্রিয়তার জোয়ারে ভারত এক নতুন যুগে প্রবেশ করেছে। যার ফলে দেশটির রাজনীতিতে গান্ধী পরিবার এবং কংগ্রেস তার প্রভাব-প্রতিপত্তি ও গুরুত্ব হারিয়েছে। এর পেছনে দলটির ভেতরের অব্যবস্থাপনা এবং অসংখ্য দুর্নীতির কেলেঙ্কারিও দায়ী।
নয়াদিল্লি-ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার আরতি আর জেরাথ বলেন, ‘গান্ধীরা আজ সম্পূর্ণরূপে বামন হয়ে গেছেন এবং নরেন্দ্র মোদীর ছায়ায় ঢাকা পড়েছেন। ভবিষ্যদ্বাণী করা কঠিন, কিন্তু আমরা দেশের নেতৃত্বে ফের গান্ধী পরিবারের কাউকে দেখতে পাব এমন সম্ভাবনা খুবই কম। অথচ এই পরিবার স্বাধীন ভারতের বেশিরভাগ সময়ই দেশটির ক্ষমতায় ছিল।’