রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
এক দীর্ঘ প্রেমের পথচলা। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় সংগীত জুটি পলক মুচ্ছাল ও মিথুন শর্মা। গত রবিবার মুম্বাইতে নতুন পথচলা শুরু করলেন তারা। ‘আশিকি টু’ ছবিতে মিথুনের সুর ও পলকের মিষ্টি কণ্ঠ সবাইকে মোহিত করেছিল। এরপর এই জুটি একাধিক হিট গান উপহার দিয়েছেন। কাজের সূত্রে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এই সংগীত ভ্রমণে পলক ও মিথুনের সম্পর্ক আরও গভীর হয়। বেশ কিছু বছর চুপিসারে প্রেম করছিলেন এ জুটি। তবে বেশি দিন তারা প্রেমের উপাখ্যান গোপন রাখতে পারেননি। সংগীত দুনিয়ায় পলক ও মিথুনের প্রেম নিয়ে নানা খবর উড়ে বেড়াত। অবশেষে তাদের সম্পর্ক নতুন পরিচয় পেল। পলক ও মিথুনের বিয়েতে আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন গায়ক জাভেদ আলী, সোনু নিগম সপরিবার, রুবিনা দিলেইক, অভিনব শুক্লা, স্মৃতি মন্দানা, কৈলাশ খের, নীতি মোহন, পার্থ সমথান, আরমান মালিক, রশমি দেশাই, ভূষণ কুমারসহ অনেকে। পলক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার সংগীত ক্যারিয়ারের পেছনে সালমান খানের অনেক বড় ভূমিকা আছে। পলক ও মিথুনের বিয়ের ছবি এ মুহূর্তে নেট দুনিয়াকে উষ্ণ করে তুলেছে। সবাই নবদম্পতিকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে তারা একে-অপরকে পেয়ে অত্যন্ত খুশি। বিয়ের ছবিতে পলককে দেখা যাচ্ছে লাল টুকটুকে লেহেঙ্গা-চোলিতে। এক পিঠ খোলা চুল, সাবেকি অলংকারে কনেবেশী পলক ছিলেন অপরূপা। অফ হোয়াইট রঙের শেরওয়ানিতে মিথুন এই রাতে কোনো রাজপুত্রের থেকে কম ছিলেন না। ৪ নভেম্বর থেকে পালক আর মিথুনের বিয়ের আচার, অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। জানা যায়, ইন্দোরে এই জুটি এক জমকালো রিসেপশনের আয়োজন করতে চলেছেন। সেখানে সালমান খান, জ্যাকি শ্রফ, এ আর রহমানসহ অনেক বিটাউন তারকাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন।