রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
কুষ্টিয়ার কুমারখালীতে বালু বিক্রির পাওনা ২০০ টাকার জন্য শাহজাহান মিস্ত্রি (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহজাহান কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, পাঁচ মাস পূর্বে শাহজাহান মিস্ত্রি তার পাশের বাড়ির মৃত গনজ আলীর ছেলে আইচ উদ্দিনের বাড়ির কাজের জন্য ৪ হাজার টাকার বালু নেন। পরবর্তীতে শাহজাহান ৩ হাজার আটশত টাকা আইচ উদ্দিনকে দিয়ে দুই শত টাকা দেবেন না বলে জানালে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা (৭ নভেম্বর) সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে বসে সালিসি বৈঠকের মাধ্যমে শাহজাহানকে পাঁচশত টাকা দেবার সিদ্ধান্ত দিলে শাহজাহান সেই টাকা আইচ উদ্দিনকে দিয়ে দেন। মঙ্গলবার ভোরে শাহজাহান নামাজ পড়ে ফেরার সময় আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে ইমন এবং নয়ন তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
নিহত শাজাহানের ছেলে সজিব জানান, বালুর দুইশত টাকা নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিসি বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে আইচ উদ্দিনের পরিবারের সকলে মিলে তার বাবার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন জানান, সামান্য ২০০ টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে আইচ উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলে। মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।