রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ১৫ থেকে ২২ ডিসেম্বর কলকাতার নন্দনে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে জুরি হচ্ছেন বাংলাদেশি নির্মাতা তানভীর মোকাম্মেল। ভারতের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবের একটি এটি; এতে সাত ক্যাটাগরিতে চলচ্চিত্র বাছাই ও নির্বাচন করেন জুরিরা। ১৫ অক্টোবর পর্যন্ত এ উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ ছিল, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র জমা পড়েছে। জুরি সদস্যরা সেখান থেকে সিনেমা বাছাই শুরু করবেন। এবারের আয়োজনে আধুনিক চলচ্চিত্রের ভাষা বিনির্মাণে নতুনত্ব ও অভিনবত্বের ওপর গুরুত্ব আরোপ করা হবে। অক্টোবরের শেষ সপ্তাহে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে নির্মাতা তানভীর মোকাম্মেলের দুটি কাজ প্রদর্শিত হয়েছে। এর মধ্যে একটি ছবি ‘রূপসা নদীর বাঁকে’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মধুমতী পারের মানুষটি : শেখ মুজিবুর রহমান’। তানভীর মোকাম্মেল জানান, উৎসবের পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র শাখায় জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। উৎসবে যোগ দিতে ১৪ ডিসেম্বর তিনি কলকাতায় যাচ্ছেন।