রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পপতারকা ব্রিটনি স্পিয়ার্স স্নায়ুরোগে আক্রান্ত। শরীরের ডানদিকে অসহনীয় স্নায়ু ক্ষতিতে ভুগছেন এই পপতারকা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের শারীরিক সমস্যা সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, স্নায়ুর ক্ষতি তার ঘুমে বিঘ্ন ঘটছে। তবে নাচ করলে তার ব্যথা কমছে। তাই তিনি ব্যথা ভুলতে নাচের সাহায্য নিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে ব্রিটনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন ভিক্টোরিয়ায় নাচছি। আমার শরীরের ডান দিকে স্নায়ুর ক্ষতি হয়েছে। আমি মনে করি সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো নিরাময় নেই। মাঝেমধ্যে স্নায়ুর ক্ষতির কারণে আপনি মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন পান না। আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই বন্ধ হয়ে যায়। স্নায়ুর ক্ষতির কারণে আপনার শরীরের অংশগুলো অসাড় হয়ে যায়।’ এটি ভীতিকর উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, সপ্তাহে অন্তত তিনবার শরীরের অসাড় অবস্থা হচ্ছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় তীব্র ব্যথার অনুভূতি হয়। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রিটনি সংরক্ষক নিয়মে আবদ্ধ ছিলেন। দীর্ঘ ১৩ বছর তার সম্পূর্ণ দায়িত্ব তার বাবা ও এক আইনজীবীর কাঁধে ছিল। তিনি এই অভিভাবকত্বের শৃঙ্খলা থেকে মুক্ত হতে দীর্ঘ সংগ্রামও করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে অভিভাবকত্বের শৃঙ্খলার অবসান ঘটিয়ে ব্রিটনি মুক্ত হন। গ্রামি বিজয়ী এই পপতারকা গত বছর তার প্রশিক্ষক স্যাম আসগরিকে বিয়ে করেন।