রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি ভারতীয় সিনেমা জগতে রীতিমতো ঝড় তোলে। বলিউডের নামি-দামি তারকাদের ছবির সাথেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সম্প্রতি এই ছবির সিক্যুয়েল তৈরির কাজ শুরু হচ্ছে বলে শোনা গেছে। তবে এ নিয়ে বিশেষ কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। আর তাতেই চটেছেন আল্লু ভক্তরা। ভারতের বিভিন্ন স্থানে পুষ্পা-২ এর আপডেটের দাবিতে রীতিমতো ব্যানার লাগিয়ে আন্দোলনে নেমেছেন বহু মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, গত রোববারই লুক টেস্টের পর ফ্লোরে গেছে পুষ্পা ছবির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। নায়ক অল্লুকে দৃশ্য বোঝাচ্ছেন চিত্রগ্রাহক মিরোস্লাভ কুবা ব্রোজেক, এমন একটি ছবিও এখন ইন্টারনেটে ভাইরাল। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিশেষ কোনো তথ্যই সামনে আনেনি কর্তৃপক্ষ। তাই প্রিয় নায়কের পছন্দের এই ছবি সম্পর্কে তথ্য জানতে না পেরে রাস্তায় নেমেছেন অনুরাগীরা।