সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
‘যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু’ কথাটা বহুল ব্যবহৃত বলা যায়। বিশ্বকাপের শিরোপাধারী ফ্রান্স যেমন কাতারে ভালো শুরু পেলে কথাটা খেটে যাবে তাদের বেলায়। এ অবশ্য ভবিষ্যতের কথা। তবে আপাতত এভাবে বলা যায় চার বছর আগের মতো ঠিক একই বিন্দু থেকে শুরু হচ্ছে দুইবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা। যে অস্ট্রেলিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স, কাতারেও দলটি নিজেদের মিশন শুরু করবে সেই একই দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। আল ওকারাহর আল জানুব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বিশ্বকাপের মতো আসরে সব দলের জন্যই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শুরুটা ভালো হলে সামনে পথ চলতে সহজ হয়। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পাওয়াটা তাই ফ্রান্সের জন্য অনুপ্রেরণা হতেই পারে। দিদিয়ের দেশমের দল নিশ্চিতভাবেই চাইবে চার বছর আগের পুনরাবৃত্তি করতে। তবে চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই অঘটনের শিকার হওয়ার রেকর্ডও আছে ফ্রান্সের। ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে তাদের হেরে যাওয়াটা তো ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়ে থাকে। অস্ট্রেলিয়াও তাই সেনেগাল হতে চাইবে আজ।
ফ্রান্স কাতারে পা রেখেছে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। প্রতিভায় ভরপুর একটা দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশা জাগানিয়া নয় তাদের। সঙ্গে যোগ হয়েছে চোটের কারণে একের পর এক বড় তারকাদের ছিটকে যাওয়ার অস্বস্তি। বিশ্বকাপ উপলক্ষে স্কোয়াড ঘোষণার আগেই চোট হানা দেয় দলটিতে। পল পগবা ও এনগোলো কন্তে ছিটকে যান। পরে সেই তালিকায় যোগ হয় ক্রিস্তোফা এনকুনকু। সবশেষ করিম বেনজেমাও যোগ দেন সেই তালিকায়। ফ্রান্স দলকে তাই চোটজর্জর বলাই যায়। তবে সবশেষ বেনজেমা ছিটকে যাওয়ার পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, বদলি হিসেবে কাউকে নেওয়া হবে না। অধিনায়ক ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপ জেতা দেশমের কথায়, তার দল বেশ মানসম্পন্ন। মাঠে ও মাঠের বাইরে সবকিছুতেই ঐক্যবদ্ধ দলের প্রতি তার আস্থা আছে বলেও জানিয়ে দেন, যা ফ্রান্সের শক্তির গভীরতা কতটা জানিয়ে দেয় সেটাও।
এখন বেনজেমাকে ছাড়া কেমন হবে ফ্রান্সের আক্রমণভাগ? নিশ্চিতভাবেই কিলিয়ান এমবাপ্পের ওপর থাকবে স্পটলাইট। সঙ্গে অলিভিয়ের জিরুদ, আঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলেকে নিয়ে দেশম সাজাতে পারেন তার রণপরিকল্পনা। নিজেদের দিনে যাদের প্রত্যেকেরই ক্ষমতা আছে প্রতিপক্ষের রক্ষণকে দুমড়ে-মুচড়ে দেওয়ার।