শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
জঙ্গি ও আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই- মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে জঙ্গি চলে গেলো। পুলিশের কোনো নিরাপত্তা নেই। আপনি কি দেশের মানুষকে বেকুব মনে করেন। তাদেরকে আহাম্মক মনে করেন শেখ হাসিনা? আর তারই মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- জঙ্গি সৃষ্টি করছে বিএনপি!
রিজভী বলেন, ‘আপনি কি দেখেননি কীভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটাতো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।’
মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।