শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার দুই দিনের মাথায় কারাগারের ঢাকা বিভাগের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ৫ কারা কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ ব্যাপারে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) হিসেবে; রংপুর কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক ও ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।