শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
মূল্যস্ফীতি, গ্যাস বিদ্যুৎ ও ডলার সংকট ও অর্থনীতির চলমান চাপের সহজ কোনো সমাধান নেই সরকারের কাছে, মন্তব্য বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের। ভর্তুকি কমানোসহ সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে জানিয়ে, ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।
মঙ্গলবার বিকালে রাজধানীতে রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বেশি দামে হলেও রপ্তানিমুখী শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা।
একদিকে বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে কমেছে রপ্তানি পণ্যের ক্রয়াদেশ। অন্যদিকে, গ্যাস-বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা।
রাজধানীর পূর্বাচলে রপ্তানি উন্নয়ন ব্যুরো -ইপিবি আয়োজিত রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এমনই উদ্বেগের কথা জানান শিল্প মালিকরা। সংকট মোকাবিলায় পোশাক রপ্তানিতে উৎসে কর অর্ধেক করার দাবি জানান উদ্যোক্তারা।
দাম বাড়িয়ে হলেও নিরবচ্ছিন্ন গ্যাস চান তারা। কর কমিয়ে জ্বালানির মূল্য সমন্বয়ের পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন।
সংকট সমাধানে শিগগিরই বড় পরিসরে আলোচনার উদ্যোগ নেয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, চলমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করনীয় ঠিক করতে দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবে সরকার। প্রয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করা হবে।
পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানির জন্য ৭২টি কারখানাকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণ পদক পেয়েছে ২৯টি প্রতিষ্ঠান। ২৪টি প্রতিষ্ঠান রৌপ্য পদক এবং ১৮ প্রতিষ্ঠান পেয়েছে ব্রোঞ্জ পদক। এর বাইরে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক।
অনুষ্ঠানে ওষুধ ও সিরামিক পণ্য রপ্তানিতে স্বর্ণ ট্রফি পায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইন পুকুর সিরামিকস লিমিটেড।