শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কারাগারে বসেই হয় জঙ্গি ছিনতাইয়ের ছক

জঙ্গিরা কারাগারে বসেই নতুন সংগঠনের পরিকল্পনা করেছে। এমনকি হাই-সিকিউরিটি কারাগারে বসেই হয়েছে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা। আর তা করেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। সাবেক কারা প্রধানরা বলছেন, কারাগারের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলায় ঘটছে এমন ঘটনা। তাই কারা কমিশন গঠনের দাবিও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি কারা অধিদপ্তর।

সম্প্রতি কুমিল্লা থেকে ৭ তরুণ জঙ্গিবাদে জড়িয়ে ঘর ছাড়লে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। তদন্তে নামে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি, র‍্যাবসহ একাধিক সংস্থা।

বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জানা যায়, কারাগারে পরিকল্পনা করেই গঠন করা হয়েছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।

সম্প্রতি ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গিকে। এ ঘটনার পরিকল্পনাও হয়েছে হাইসিকিউরিটি কারাগারে, বলছে আইনশঙ্খলা বাহিনী।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, কারাগারে অবস্থানরত যারা জঙ্গি রয়েছেন তারা একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন তারা তাদের মতাদর্শ শেয়ার করে এবং বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলাপ-আলোচনা করে।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। কারাগারের মতো জায়গায় জঙ্গিদের এসব তৎপরতার জন্য দুষলেন অসাধু কর্মকর্তা-কর্মচারীদেরই।

কারাগারে জঙ্গিদের কার্যক্রমের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কারা মহাপরিদর্শক। তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানালেন, এসব ঘটনার পর কারা কমিশন গঠনের বিষয়ে ভাবছেন না তারা।

কারাগারে নজরদারি বাড়ানো না গেলে জঙ্গিরা আবারো মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com