শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
দেশের বাজারে চিনির ঘাটতি নেই, রমজানকে সামনে রেখে ১ লাখ টন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
দেশে চিনির সরবরাহ পর্যাপ্ত থাকলেও অসাধু ব্যবসায়ীদের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে, সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরোনো হয়ে গেছে, সেখানে নতুন যন্ত্রপাতি দেওয়া হবে। এসব কলকারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে। পিপিপির মাধ্যমে এগুলো চালু করা হবে বলেও উল্লেখ করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ সময় রাজশাহীতে উৎপাদিত সিল্ক সুতা বিশ্বমানের মন্তব্য করে মন্ত্রী বলেন, সিল্ক ইন্ডাস্ট্রি থাকবে। লোকাল ‘র’ ম্যাটেরিয়ালসে যে সিল্ক সুতা উৎপাদন হয় তা অনেক ভালো মানের। সেটাকে পুনরায় চালু করার জন্য কাজ করা হবে। এছাড়া সুগার মিলসহ বন্ধ শিল্পকারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চালু করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
রাজশাহীকে ট্যুরিজম নগরী উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানকার বিসিক শিল্প নগরী নিয়ে সরকার কাজ করছে। এখানে ট্যুরিজম সেন্টার, কলকারখানা, হোটেল, মোটেল হয়েছে। পর্যটনের সুযোগ-সুবিধা আরও বাড়াতে সরকারের দৃষ্টিতে আছে বলেও জানান তিনি।
রাজশাহীকে ঘিরে সুদূরপ্রসারী পরিকল্পনা আছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, রাজশাহীতে একটি বিশাল চামড়া শিল্প নগরী করছি। এখান থেকে এক্সপোর্ট করা হবে। যেমন আমরা গার্মেন্টসের তুলা বাইরে থেকে আনি। কিন্তু চামড়া আমাদের ‘র’ ম্যাটেরিয়ালস। এগুলো কাজ করে আমরা বাইরে পাঠাবো। এই রিলেটেট ইন্ডাস্ট্রিগুলো হবে। এর পরিকল্পনা করা হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।