শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর কর্মকাণ্ড থামছেই না। আচমকা হামলা চালাচ্ছে তারা। প্রকাশ্যে আসার চেষ্টা করছে। সর্বশেষ ঢাকার আদালতপাড়ায় পুলিশের ওপর চড়াও হয়ে ছিনিয়ে নিয়েছে দুই দুর্ধর্ষ জঙ্গিকে। এতে টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্তা ব্যক্তিদের। জঙ্গি-প্রতিরোধে তারা দফায় দফায় বৈঠক করছে।
পুলিশ জানতে পেরেছে, জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর লাইমলাইটে আসার চেষ্টা করছে। কিছুদিন আগে নিষিদ্ধ সংগঠনটি আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সারা দেশে পোস্টারিং করেছে। এর গা-ঢাকা দেওয়া সদস্যরা গোপনে বৈঠক করছে। তারা অনলাইনে মিটিং করে নির্দেশনা দিচ্ছে।
আবার হিযবুত তাহরীরের ১ হাজার ১৭২ জঙ্গি ‘লাপাত্তা’। তাদের মধ্যে ১৪৭ জন দেশের বাইরে পালিয়ে আছে বলে ধারণা। সংগঠন চালাতে তারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে বলে জেনেছে পুলিশ।
সংশ্লিষ্টরাজানায়, জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার। তারপরও তাদের সাংগঠনিক কর্মকাণ্ড থেমে নেই। গোপনে তারা অন্য জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে।