বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ময়মনসিংহে প্রায় ছয় বছর পর শনিবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বহু কাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে চাঙ্গা এখন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নগরজুড়ে। সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।আয়োজকরা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই মাঠ পূর্ণ হয়ে যাবে। নেতা কর্মীদের সুবিধা অসুবিধা দেখার জন্য থাকবে বিশেষ স্বেচ্ছাসবেক বাহিনী। চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কারা আসছেন নেতৃত্বে, তা দেখার জন্য মুখিয়ে আছে দলটির নেতাকর্মীরা।
নগরীজুড়ে নেতাদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার টানানো হয়েছে। বিল বোর্ডগুলোতে শোভা পাচ্ছে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত শুভেচ্ছা বাণী। রঙিন পোস্টারে ছেয়ে গেছে শহর। নগরীর মূল সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ।