বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
দেশে কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেরপুর শহীদ দারোগালী পৌরপার্ক মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্র। এ চেষ্টা পুলিশ নস্যাৎ করে দিয়েছে। ১০ তারিখে নাকি লাল কার্ড দেখাবে বিএনপি। তাদের উদ্দেশ্য সফল হবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেংসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।