বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নয়াপল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশ-পাল্টা সমাবেশের মধ্য দিয়ে দুই মাস ধরে জমজমাট দেশের রাজনীতি। তবে ১০ ডিসেম্বর যতো এগিয়ে আসে ততোই উত্তপ্ত হয়ে উঠে রাজনীতি। বিএনপিকে মোকাবেলায় সবাইকে মাঠে নামার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ বাস্তবায়নেই ১০ ডিসেম্বরের আগের দিন শুক্রবার বড় সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে সমাবেশ আমরা করবই, এ কথা যারা বলেছে, তারা এখন গোলাপবাগে। পরাজয় কার হলো, আমাদের নাকি বিএনপির। বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে। তারা পল্টনে সমাবেশ করতে পারেনি।’
বিভিন্ন গণমাধ্যম একপেশে আচরণ করছে বলেও অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনতে প্রতিযোগিতা করছে। তারা কারা, চেনেন। চিনে রাখুন।’
এ সময় বিদেশিদের কারও পক্ষ না নেওয়ার অনুরোধ করেন ওবায়দুল কাদের।