বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
কয়েকদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল এসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে, প্রাণ খুলে বলেছে; আমাদের অর্জন অসামান্য— এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ বছরের ভ্যাট সম্মাননাপ্রাপ্ত ৯ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের যে অর্জন তা সরকারের একক অর্জন নয়। এক হাতে এটি হয়নি। দেশের সব মানুষের সম্পৃক্ততায় এই অর্জন এসেছে। সরকার করদাতাদের কাছে ঋণী বলে তিনি উল্লেখ করেন।
১৪ বছরে অর্থনীতিতে বাংলাদেশের সাফল্য তুলে ধরে মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন আমাদের অর্থনীতির আকার ছিল ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মতো। সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন ডলার। আর ৬০০ ডলারের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮৬৪ ডলার।