বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম নির্ধারণের কাজ চলছে। আগামী দুই বছরের মধ্যে পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে জালানি তেল সরবরাহ হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর রিসিভার টার্মিনাল স্থাপনের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
দ্রুততম সময়ের মধ্যে নিরবচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। এরই মধ্যে পাইপলাইনের অনেক কাজ এগিয়ে গেছে।
প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইন স্থাপনের কাজ তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহনীর ইঞ্জনিয়ারিং কোরের ২৪ ও ৩৪ ব্রিগেড। বাংলাদেশি ঠিকাদারের মাধ্যমে এই পাইপলাইন স্থাপনের কাজ চলছে।
২০১৬- ২০১৭ সালে এই কাজ শুরু হলেও কোভিডের কারণে দুই বছর কাজ বন্ধ ছিল। যে কারণে নির্মাণ ব্যয় বেড়েছে। তিনি বলেন, পাইপলাইন স্থাপন সম্পন্ন হলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে পতেঙ্গা থেকে গভীর সমুদ্র বন্দরে ডিপসীল পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আগে বড় মাদার ভেসেল থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে তেল নিয়ে পতেঙ্গাতে আসত। সেখান থেকে গাড়িতে বা ছোট ছোট জাহাজে করে বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হত।
মন্ত্রী বলেন, মাদার ভেসেল বা বড় জাহাজ ১২ -১৪ দিন বসে থাকার কারণে ডেমারেজ গুনতে হত। ডিপসীল পাইপলাইন স্থাপনের কারণে খরচ কমে আসবে। এ ছাড়া পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে গোদনাইল এবং গোদনাইল ডিপো থেকে বিভিন্ন জায়গার সরবরাহ করা হবে। এতে করে তেল পরিবহনে খরচ অনেক কমে আসবে।
তিনি আরও বলেন, রুপগঞ্জের পিতলগঞ্জ থেকে পাইপের মধ্যে নতুন বিমানবন্দর পর্যন্ত বিমানের জ্বালানি তেল কুর্মিটোলা ডিপোতে চলে আসবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি বড় প্রতিষ্ঠান। সংসদীয় কমিটি বিপিসির আর্থিক বিষয় নিয়ে একটি প্রশ্ন তুলেছেন।
আমরা বিপিসিকে বলেছি, একটি তৃতীয় অডিট প্রতিষ্ঠানকে দিয়ে ফাইনান্সসিয়ালসহ বিভিন্ন বিষয়ে একটি অডিট করানোর জন্য। তিনি বলেন, প্রতি পাচঁ বছর পর পর প্রতিষ্ঠানের চেক অ্যান্ড ব্যালেন্স অডিটের প্রয়োজন।
তিনি বলেন, আমরা যেহেতু আগামীতে তেলের ওপেন মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছি, তাই আমাদের পলিসি লেভেলেও গুণগত পরিবর্তন প্রয়োজন। রেগুলেটরি বোর্ডের সাথে আমারা কথা বলছি, আগামীতে তেলের দাম নির্ধারণ তিন মাস পর পর নাকি দুই মাস পর পর নাকি এক মাস পর নির্ধারণ করা হবে সে বিষয়ে আগামী বছরের শুরুতেই সিদ্ধান্ত নেব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বিপু বলেন, বিশ্ববাজারে তেলের দামের সাথে সমন্বয় করে প্রাইজ নির্ধারণ করার কাজ চলছে।
পরে মন্ত্রী শিবু মার্কেট এলাকায় তেল সরবরাহেব পাইপলাইনের কাজ ও ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম ডিপো প্রস্তাবিত রিসিভ টার্মিনালের নির্মাণ কাজের জায়গা পরিদর্শন করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে জ্বালানি মন্ত্রণালয়ের সচিবসহ বিপিসির ও সেনাবাহনীর ইঞ্জনিয়ারিং কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ থেকে রাকিব উল হাসান