রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ইরানে তিন মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় আটক হয়েছেন দেশটির এক খ্যাতিমান অভিনেত্রী। গ্রেপ্তার হওয়া ওই অভিনেত্রীর নাম তারানেহ আলিদুস্তি (৩৮)। ২০১৬ সালে অস্কারজয়ী ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। শনিবার তারানেহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ভুয়া ও বিকৃত তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে তারানেহকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ডিসম্বের নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহসেন শেখারির মৃত্যুদণ্ডের নিন্দা জানান তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন তারানেহ লিখেছিলেন, ‘আপনাদের নীরব থাকার মানে হলো, দমন–পীড়ন ও দমন-পীড়নকারীদের সমর্থন করা।’
পোস্টের ক্যাপশনে তারানেহ লিখেছিলেন: ‘যেসব আন্তর্জাতিক সংস্থা এই রক্তপাতের ঘটনা দেখছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর অর্থ দাঁড়ায়, মানবতার প্রতি অসম্মান প্রদর্শন।’
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে প্রতিবাদ না জানানোয় একাধিক আন্তজার্তিক সংস্থার সমালোচনা করেন তারানেহ।
উল্লেখ্য, কঠোর পর্দাবিধি মেনে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করে নীতি পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।
নির্যাতনে মাসার মৃত্যু হয়েছে দাবি করে ইরানের মানুষ রাস্তায় নেমে আসেন। মাসার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভকে ‘দাঙ্গা’ বলে অভিহিত করে দমন–পীড়নের পথ বেছে নিয়েছে ইরানের কর্তৃপক্ষ।