বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে। রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছে। উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন। ডালিয়া বলেন, ভোটের পরিবেশ চমৎকার। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুরকে গড়ে তুলব।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এবার রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।
নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।