শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

‘ফ্রান্স-জার্মানির যুদ্ধ আগামী বছর’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভবিষ্যদ্বানী করেছেন, আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাঁধবে। আর যুক্তরাষ্ট্রে একটি গৃহযুদ্ধের পর টেসলাপ্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন।

তার এ ভবিষ্যদ্বাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল সৃষ্টি করেছে, অনেকে সাবেক রুশ প্রেসিডেন্টের গণক হিসেবে আবির্ভাব এবং তার করা ভবিষ্যদ্বাণী নিয়ে কৌতুকও করছেন।

পুতিনকে পরামর্শদাতা রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পুতিন সেসময় ছিলেন তার প্রধানমন্ত্রী।

ক্রেমলিনে তার নিয়ন্ত্রণ দিন দিন আরও পোক্ত হচ্ছে, সোমবার তিনি সামরিক খাত দেখভালের দায়িত্বে থাকা পরিষদেও পুতিনের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার নিজের টুইটার ও টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, তাতে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হতেও দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপের এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার।

সাবেক এই রুশ প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণীতে তেলের দাম ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছাবে বলেও বলা হয়েছে।

হাঙ্গেরি ও পোল্যান্ড ইউক্রেনের পশ্চিম অংশ দখল করে নেবে, ইউরোপের ছোটখাট দেশ নিয়ে জার্মানিতে ‘চতুর্থ রাইখের উত্থান’ হবে, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে, বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের।

টেসলাপ্রধান ও টুইটারের মালিক ইলন মাস্ক পাল্টা টুইটে রুশ নেতার ভবিষ্যদ্বাণীকে ‘এপিক থ্রেড’ অ্যাখ্যা দিলেও মেদভেদেভের বেশকিছু ভবিষ্যদ্বাষীর সমালোচনাও করেছেন।

মাস্ক এর আগে ইউক্রেনকে রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ডকে স্বীকৃতি দিয়ে শান্তি প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেছিলেন। তার ওই অবস্থান মেদভেদেভের প্রশংসাও পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com