শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ৯টি স্বর্ণের দোকানসহ ১১টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি বাজারের বালিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় দোকানগুলোর সিসি ক্যামেরা ও তালা ভেঙে কর্মচারীদের হাত-পা বেঁধে ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বাজারের বৃষ্টি স্বর্ণালয়, উৎসব গহণালয়, শ্রী দুর্গা গহণালয়, মা সৌভাগ্য স্বর্ণ শিল্পালয়, বাবা লোকনাথ স্বর্ণ শিল্পালয়, মিতু স্বর্ণ শিল্পালয়, প্রিয়াঙ্কা গহণালয়, সিথি গহনালয়, বিশ্বাস স্বর্ণ শিল্পালয়, বিসমিল্লাহ ফার্মেসি ও মেসার্স কালাম স্টোরে ডাকাতদল হানা দেয়।
টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান, গভীর রাতে পার্শ্ববর্তী খালে ট্রলারযোগে এসে ডাকাত দল বাজারে প্রবেশ করে। পরে তালা ভেঙে বাজারের স্বর্ণের দোকানসহ অন্যান্য দোকানের ভেতর প্রবেশ করে ডাকাত দল।
এ সময় দোকানগুলোর কর্মচারীদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে চম্পট দেয় ডাকাতেরা। তবে লুণ্ঠিত মালামালের পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।