শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন
বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতকে হত্যা করা হয়েছে, মৃত্যুর ২৮ মাস পর এমনটাই দাবি করলেন ভারতের মুম্বাইয়ের কুপার হাসপাতালের ময়নাতদন্তকারী দলের এক সদস্য। তিনি জানান, আত্মহত্যা নায়, খুন করা হয়েছিল তাকে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করেননি সুশান্ত সিংহ রাজপুত। তাকে খুন করা হয়েছিল। একটি সংবাদমাধ্যমে এমন দাবিই করেছেন কুপার হাসপাতালের মর্গের ওই কর্মী। ওই হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল অভিনেতার। রূপকুমার শাহ নামে মর্গের ওই কর্মীর দাবি, সুশান্তের দেহে এবং গলায় একাধিক ক্ষতের দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েওছিলেন বলে দাবি শাহের। তখন কর্তৃপক্ষ তাকে ‘নীতি’ মেনে কাজের নির্দেশ দেন।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, ‘সুশান্ত সিংহ রাজপুত যখন মারা গিয়েছিলেন, তখন আমাদের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য মোট পাঁচটি দেহ এসেছিল। পাঁচটির মধ্যে একটি দেহ ছিল ভিআইপির। ময়নাতদন্তের কাজের সময় জানতে পারি তিনি সুশান্ত সিংহ রাজপুত। তার শরীরে একাধিক এবং গলায় দু’ থেকে তিনটি দাগ ছিল। ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করার দরকার ছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধুমাত্র দেহের ছবি তুলতে বলেন। তাদের নির্দেশ মেনেই কাজটা করেছিলাম।’
উল্লেখ্য, ২০২০ সালের জুনে মুম্বাইয়ের বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত। তবে তার পরিবারের দাবি, হত্যা করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল।
এ ছাড়া সুশান্তের জন্য মাদক জোগাড়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তার বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী।