বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নষ্ট রাজনীতি করা বিএনপি রাষ্ট্র মেরামত করতে পারে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা রাষ্ট্র ধ্বংস করে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ঢাকা মিছিলের নগরী। সারা ঢাকায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। জঙ্গিবাদের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি বুদ্ধিজীবীদের মাধ্যমে ফখরুলের মুক্তি চায়, ভালো। ফখরুল তাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি যে অসুস্থ আমরা তা জানি না। বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়ে বলছেন তিনি নাকি অসুস্থ। এ বাংলাদেশের যখন ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, তখন কী আপনারা বিবৃতি দিয়েছিলেন? বঙ্গবন্ধুকে হত্যার সময় আপনাদের মুখের ভাষা কোথায় ছিল?