শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অভিনয় থেকে শুরু করে প্রযোজনায় পদার্পণ, ২০২২ সালে সাফল্যের চূড়ায় ছিলেন আলিয়া ভাট। নতুন বছরেও তিনিই নজরে। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে, তার পরই সন্তান রাহার জন্ম— সব মিলিয়ে জীবনের অন্যতম সেরা অধ্যায় পেরোচ্ছেন। প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ মুক্তি পাবে শিগগিরই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ২০২২ সাল আমার জীবনে খুব শুভ হয়ে এসেছে, ঠিকই। অনেকটা সিনেমার মতো। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ হোক বা ‘ব্রহ্মাস্ত্র’, এক একটি করে ধাপ। তার ওপর আমার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’, সবই আশানুরূপ হয়েছে। যদি না-ও হতো, তা হলেও আমি আবার পরিশ্রম করতাম। ভালো হয়েছে বলেও করব। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
তেমনই আবার নিজেকে অভিনেতা হিসাবেও অগ্রাধিকার দিতে চান আলিয়া। যত তাড়াতাড়ি সম্ভব কাজেও ফিরবেন। বললেন, যদি ভালো কাজ করি, আরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। যদি কাজের প্রস্তাব না আসে, তা হলে বুঝতে হবে এটা তোমার সময় নয়। আমি কাজের গুরুত্ব বুঝি। তবে জীবন কিংবা বেঁচে থাকা আগে। দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলি।
জানালেন, মাতৃত্ব অনেক কিছু বদলে দেয়। সব কিছু অন্যভাবে দেখতে শিখেছেন আলিয়াও। দায়িত্ববোধ কাকে বলে, তা মা না হলে বুঝতেন না। যেন হৃদয়ের কোনো এক গোপন কুঠুরির দরজা খুলে গিয়েছে। সেখান থেকে হু হু করে ঢুকছে বিশুদ্ধ বাতাস। নতুন বছরে কী অপেক্ষা করে রয়েছে, জানতে উদগ্রীব আলিয়া।