শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ইরানে চলমান বিক্ষোভে সমর্থন দেওয়ায় গ্রেপ্তার খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে (৩৮) জামিনে মুক্তি দিয়েছে সরকার।
বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানা গেছে।
দীর্ঘদিন ধরেই ইরানি চলচ্চিত্রে কাজ করছেন অভিনেত্রী আলিদুস্তি।
সম্প্রতি তিনি ‘লিলাস ব্রাদারস’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন যেটি চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়।
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গত সেপ্টেম্বরে তেহরানে এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনি নামের ওই তরুণীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর গত ১৬ সেপ্টেম্বর থেকে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানে এবং ক্রমশ তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
ইতিমধ্যেই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এ মাসের শুরুর দিকে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।
গত সপ্তাহে আইএইচআর এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৭৬ জন নিহত হয়েছেন।
তবে ইরানের নিরাপত্তা সংস্থা ডিসেম্বরের শুরুতে বলেছে, নিরাপত্তা কর্মকর্তাসহ ২০০ জন নিহত হয়েছেন।