বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের পুনঃ নির্বাচনে মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের এক অষ্টমাংশের নিচে ভোট পাওয়ায় তিনজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
এই তিন প্রার্থী হলেন- বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র সৈয়দ মো. মাহবুবুর রহমান ও নাহিদুজ্জামান নিশাদ।
ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের আট ভাগের এক ভাগের এক ভোটও কম পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
সে অনুযায়ী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এখানে মোট ভোট তিন লাখ ৩৯ হাজার ৪ ভোট। এর মধ্যে বুধবারের এই ভোটে মোট প্রদত্ত ভোট হয়েছে এক লাখ ২৯ হাজার ৬১২ ভোট।
এই ভোটের আট ভাগের এক ভাগ ভোট হবে ১৬ হাজার ২০১ দশমিক ৫০ ভোট। কিন্তু বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৭৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান পেয়েছেন দুই হাজার ৯৫০ ভোট এবং নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন এক হাজার ৬৪০ ভোট।
ফলে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ীই তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, নির্বাচনের আগে প্রত্যেক সংসদ সদস্য প্রার্থীর জামানত হিসেবে ২৫ হাজার টাকা করে জমা থাকে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেও তার জামানতের টাকা নিয়মানুযায়ী বাজেয়াপ্ত হয়।