শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নামজাদা কোনো বলিউড অভিনেতা বা ক্রিকেটার নন। জাহ্নবীর মন কেড়েছেন প্রচারের আলোর আড়ালে থাকা শিখর পাহাড়িয়া। মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি তিনি। তারই প্রেমে মজেছেন বলিউড নায়িকা।
কখনও ক্যাফেতে, কখনও আবার সমুদ্রসৈকতে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে জাহ্নবী ও শিখরকে। তবে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। ইনস্টাগ্রাম হোক বা বলিউডের পার্টি— কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি জাহ্নবী বা শিখর, কেউ-ই। বুধবার রাতে অনিলকন্যা রিয়া কাপুরের বাড়িতে ডিনার পার্টিতে শিখরের সঙ্গে দেখা যায় ‘মিলি’র অভিনেত্রীকে। পার্টিতে ছিলেন মালাইকা অরোরাসহ অর্জুন কাপুর, হর্ষবর্ধন কাপুর, খুশি কাপুর ছাড়াও কাপুর পরিবারের আরও অনেকে। পার্টি থেকে শিখরের সঙ্গেই বের হন জাহ্নবী। চোখেমুখে হাসি।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী ও শিখরকে। মুকেশ-পুত্র অনন্ত আম্বানির বাগদানের অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হন দুজন। এমনকি, মালদ্বীপে ছুটি কাটাতেও তারা একসঙ্গেই গিয়েছিলেন বলে জানা যায়।
প্রসঙ্গত, নিজের শোয়ে আগেই জাহ্নবী ও শিখরের প্রেমের কথা প্রায় বলে দিয়েছিলেন করণ জোহর। শিখরের ভাই বীর পাহাড়িয়ার সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন সাইফ-কন্যা সারা আলি খান। সেই গল্পও জানা গিয়েছিল কফি কাউচের সৌজন্যেই। বেশ কয়েক বছর পরে ফের সেই শিখরের প্রেমেই মজেছেন শ্রীদেবী-কন্যা। এবার কি এই সম্পর্ক উসকে দিলেন করণই?