শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
প্রয়াত হলেন ‘কিং অব রক এন রোল’ খ্যাত যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি (৫৪)। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স মেরির মা প্রিসিলা প্রিসলির বরাতে এ তথ্য জানায়।
জানা যায়, গতকাল তিনি অসুস্থ হয়ে পড়লে লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। বিবৃতিতে প্রিসিলা তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালের আগস্টে এলভিস ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৬৮ সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেমফিস টেনেসিতে লিসার জন্ম। বাবার মৃত্যুর সময় তার বয়স ছিল ৯। ২০০৩ সালে লিসার প্রথম অ্যালবাম ‘টু হোম ইট মে কনসার্ন’ ও ২০০৫ সালে দ্বিতীয় অ্যালবাম ‘নাও হোয়াট’ প্রকাশিত হয়। অ্যালবাম ২টিই জনপ্রিয়তা পায়। ২০১২ সালে তার তৃতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’ প্রকাশ পায়। ১৯৯৪ সালে বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনকে বিয়ে করে আলোচনায় আসেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০২ সালে হলিউডের অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন লিসা। ৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে লিসার একমাত্র ছেলে বেঞ্জামিন কেফ (২৭) আত্মহত্যা করেন। লিসার অপর সন্তানরা হলেন অভিনেত্রী রাইলি কেফ (৩৩) ও ১৪ বছর বয়সী যমজ মেয়ে হার্পার ও ফিনলে লকউড।