শনিবার, ০৪ Jul ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থানে শিশুদের একটি স্কুল আছে। এখন জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে দুজন শিশু রয়েছে। হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিলেন। আহত হয়ে ১৫ শিশুসহ ২৯ জন হাসপাতালে আছেন।
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে।’ ১৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন। হেলিকপ্টার বিধ্বস্তের সময় ওই এলাকায় রাশিয়ার কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি।