শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা’ তরুণীর অনশন

সাতক্ষীরা তালা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা তরুণী।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল থেকে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ওই তরুণী অনশন শুরু করেন।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে ওই তরুণীকে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে থানা হেফাজতে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিকের নাম রাসেল বাদশা (২৩)। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানান, রাসেল বাদশার বাড়িতে এক তরুণী (১৬) বিয়ের দাবিতে শুক্রবার বিকেল থেকে অনশন শুরু করে। এসময় খবরটি এলাকায় চাউর হলে রাসেলের বাড়িতে ভিড় করতে থাকে এলাকাবাসী। এক পর্যায়ে পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ রাতে ওই ছেলের বাড়িতে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে যায়।

প্রেমিক রাসেল বাদশা ও তার বাবা ইউপি মেম্বার মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১০টার দিকে ওই মেয়েকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় নিয়ে যায়। মেয়েটি জানায়, এক বছর ধরে রাসেল বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। কিন্তু তার প্রেমিক রাসেল বাদশা বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে এখন বিয়ে করছে না। বিয়ে না করলে মেয়েটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজি হয়েছে।

মেয়েটির মা বাদী হয়ে মামলা করতে চেয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com