বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ডলার সংকটে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে চাহিদা অনুযায়ী ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না। গ্যাস আমদানি ব্যাহত হওয়ায় বাজারে এলপিজি সিলিন্ডার সরবরাহে সংকট বাড়ছে। এলপিজি সরবরাহকারী কম্পানিগুলো বলছে, ঢাকাসহ সারা দেশে তাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে।
এই অবস্থায় খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ১৫০ থেকে ২০০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন। এলপিজি আমদানির সমস্যাটির দ্রুত সমাধান না হলে পণ্যটির তীব্র সংকটের আশঙ্কা করছেন এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এলপিজি আমদানিতে ঋণপত্র খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠিও দিয়েছে এই খাতের কম্পানিগুলোর সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।