নগরকণ্ঠ ডেস্ক
- বৃহস্পতিবার ২৬ জানুয়ারি, ২০২৩ /
ঢাকায় চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি (শনিবার) মহানগর উত্তর বিএনপি ঢাকার বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা দুপুর ২টায় শুরু হবে।
সরকারি দলের উসকানিমূলক পাল্টা কর্মসূচি এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি রয়েছে। এর আগেই ঢাকা মহানগর বিএনপি চার দিনের পদযাত্রা কর্মসূচি দিল।