শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ভারতে তৈরি নাকে দেওয়ার কোভিড টিকা এল বাজারে

বিশ্বের প্রথম নাক দিয়ে নেওয়ার কোভিড টিকা বাজার আনল ভারত।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন।

দেশটির সরকারি হাসপাতাল এবং টিকাকরণ কেন্দ্রে নাক দিয়ে নেওয়ার এই টিকার দাম পড়বে ৩৫০ রুপি (বাংলাদেশি ৪১১ টাকার বেশি) এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে (এক হাজার ১৪ টাকা) বিক্রি হবে।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভারত বায়োটেক সংস্থার এই টিকা ছাড়পত্র পায়। কোভিড সংক্রমণ ঠেকাতে এর দু’টি টিকা নিতে হবে। তার আগে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহারের জন্য এই নেজাল টিকাকে ছাড়পত্র দেয়। ১৮ বছর বা তার বেশি বয়সীদের এই টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল।

টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।

গত বছরের ডিসেম্বর মাসে দেশের টিকা টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছিলেন, যারা কোভিড টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন, তাদের এই নেজাল টিকা দেওয়া যাবে না।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। তাদের তত্ত্বাবধানেই মানবদেহের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। আর্থিক সহায়তা করেছে ভারত সরকারের জৈবপ্রযুক্তি বিভাগের কোভিড সুরক্ষা প্রকল্প।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com