নগরকণ্ঠ ডেস্ক
- শুক্রবার ২৭ জানুয়ারি, ২০২৩ /
সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে লাফিয়ে বেড়েছে চীন থেকে আমদানি করা আদা ও রসুনের দাম। এই আদা কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে এখন ২৮০ থেকে ৩০০ টাকা। আমদানি করা চায়না রসুন কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে এখন ১৬০ থেকে ১৭০ টাকা।
দেশি বলে পরিচিত কেরালা জাতের আদার দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন কেজিতে ২০ টাকা বেড়ে এখন ১২০ টাকা।
বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। এবার খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম বাড়ল পাঁচ টাকা করে। এতে এক কেজি পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হবে। নতুন এ দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
হঠাৎ করে চিনির দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী বলেছেন, ‘সব হিসাব-নিকাশ করে চিনির দাম যতটুকু বাড়ানো দরকার, ততটুকু বাড়ানো হয়েছে।’
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানির মাধ্যমে বাংলাদেশে আদা-রসুনের চাহিদা মেটানো হয়। বাজারটি মূলত নিয়ন্ত্রণ করেন চীন থেকে এসব পণ্য আমদানি করা সরবরাহকারীরা। সম্প্রতি বিভিন্ন নিত্যপণ্যের মতো আদা-রসুনের বাজারেও সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় চাহিদার শীর্ষে থাকা এ দুটি মসলার দাম অতিমাত্রায় বেড়েছে।