শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীর বাড্ডা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। শেষ হবে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী।
বিএনপি নেতারা জানান, তারা বিক্ষোভের কর্মসূচি থেকে বের হয়ে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আন্দোলন জোরদার করতে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগরকে কেন্দ্র করে বিএনপি আরও ব্যতিক্রমী কিছু কর্মসূচি দেবে।
এর আগে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায়।
গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করবে।