বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
জাতীয় সংসদের শূন্য ছয় আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সব আসনেই ভোট হচ্ছে ইভিএমে। কোন কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা। ছয়টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্যপদে লড়ছেন মোট ৪০ প্রার্থী। এসব আসনের মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি।
ঠাকুরগাঁও-৩ আসনে ৬ প্রার্থী: মো. সিরাজুল ইসলাম- বিএনএফ; হাফিজ উদ্দিন আহম্মেদ- জাতীয় পার্টি; মো. ইয়াসিন আলী- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (১৪ দল); মো. শাফি আল আসাদ- ন্যাশনাল পিপলস পার্টি, মো. এমদাদুল হক- জাকের পার্টি এবং গোপাল চন্দ্র রায়- স্বতন্ত্র।
বগুড়া-৪ আসনে ৯ প্রার্থী: একেএম রেজাউল করিম তানসেন- জাসদ (১৪ দল); শাহীন মোস্তফা কামাল- জাতীয় পার্টি; আব্দুর রশিদ সরদার- জাকের পার্টি; মো. তাজ উদ্দীন মণ্ডল- বাংলাদেশ কংগ্রেস। আর মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব মো. ইলিয়াস আলী, মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মো. কামরুল হাসান সিদ্দিকী (জুয়েল) এবং মো. আব্দুর রশিদ স্বতন্ত্র প্রার্থী।
বগুড়া-৬ আসনে ১১ প্রার্থী: মো. আফজাল হোসেন- গণফ্রন্ট; মো. এমদুদুল হক ইমদাদ- জাসদ; মো. নূরুল ইসলাম ওমর- জাতীয় পার্টি; রাগেবুল আহসান রিপু- আওয়ামী লীগ; মোহাম্মদ ফয়সাল বিন শফিক- জাকের পার্টি; মো. নজরুল ইসলাম- বাংলাদেশ খেলাফত আন্দোলন। স্বতন্ত্র প্রার্থী- মো. আব্দুল মান্নান, মো. রাকিব হাসান, মাছুদার রহমান হেলাল, মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবং মো. সরকার বাদল।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬ প্রার্থী: মু. জিয়াউর রহমান- আওয়ামী লীগ; মো. নবীউল ইসলাম- বিএনএফ; মোহাম্মদ আব্দুর রাজ্জাক- জাতীয় পার্টি; মো. গোলাম মোস্তফা- জাকের পার্টি; মু. খুরশিদ আলম ও মোহাম্মদ আলী সরকার স্বতন্ত্র প্রার্থী।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ প্রার্থী: মো. আব্দুল ওদুদ- আওয়ামী লীগ; কামরুজ্জামান খান- বিএনএফ; এবং স্বতন্ত্র প্রার্থী মো. সামিউল হক।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫ প্রার্থী: মো. আব্দুল হামিদ- জাতীয় পার্টি; জহিরুল ইসলাম জুয়েল- জাকের পার্টি। স্বতন্ত্র প্রার্থী-অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, আবদুস সাত্তার ভূঞা (উকিল আবদুস সাত্তার), আবু আসিফ আহমেদ।
নির্বাচনি এলাকায় মঙ্গলবার রাত থেকে বন্ধ রয়েছে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নৌযান। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।