বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
এরই মধ্যে দেশের প্রথম মেট্রোরেল লাইন-সিক্স উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর আগারগাঁও পর্যন্ত অংশে যাত্রী চলাচল শুরু হয়েছে। এছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে রাজধানীর আরও ৫টি রুট চালুর লক্ষ্য রয়েছে সরকারের। সে মহাপরিকল্পনার একটি অংশ হিসাবে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
এসময় তিনি বলেন,৩১ কিলোমিটারের এই লাইনে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল এবং নতুন বাজার থেকে পূর্বাচলের পিতলগঞ্জ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার উড়ালপথ। এই রুট ২০২৬ সালের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, ওই দিন বেলা ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর সুধী সবাবেশে ভাষণ দেবেন। সেখানে এক লাখের বেশি লোক সমাগম হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
ছিদ্দিক বলেন, মেট্রোরেলের লাইন-১ এর ডিপো নির্মাণ হবে নারায়ণগঞ্জ জেলার পিতলগঞ্জে। এ কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ডিএমটিসিএল। পুরো প্রকল্পটির কাজ ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হবে। টানেল তৈরিতে ব্যবহার হবে অত্যাধুনিক রোবটিক মেশিন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। যার মধ্যে সরকার দিবে ১৩ হাজার কোটি এবং বাকিটা জাইকার ঋণ। তবে ডলার দরের বিবেচনায় বাড়তে পারে খরচ।
সংবাদ সম্মেলনে এম এ এন ছিদ্দিক আরও বলেন, এই লাইনে স্টেশনে মেট্রোরেল থামবে আড়াই মিনিট পরপর, দিনে যাতায়াত করতে পারবে ৮ লাখ মানুষ।