শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

ট্যাংক দিয়ে ইউক্রেনকে সহায়তা করলেও এখনই যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিশ্চিত করেন।

জো বাইডেন বলেন, অন্যান্য সামরিক সহায়তা দেওয়া হলেও, আপাতত ইউক্রেনকে যুদ্ধবিমান সহায়তার কোনো পরিকল্পনা তাদের নেই।

জার্মানিও ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কথা নাকচ করে দেওয়ার এক দিন পর বাইডেনের এমন মন্তব্য এলো।

এ ছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁখো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট জানিয়েছেন, যুদ্ধবিমান পাঠাতে কিয়েভ থেকে এখনও কোনো অনুরোধ আসেনি তাদের কাছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অর্থ-অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল ভারী অস্ত্র, ট্যাংক। দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।

এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাওয়া হয়েছে। বিশেষত ওয়াশিংটনের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চায় দেশটি।

এর মধ্যেই বাইডেন জানিয়ে দিলেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না তার প্রশাসন। এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানান, কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি তার দেশ বিবেচনা করছে না।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত ও দ্যোনেৎস্কের নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বেসামরিক বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

এ অবস্থায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com