নগরকণ্ঠ ডেস্ক
- বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি, ২০২৩ /
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে পূর্বাচল রাজউকের মাঠ দলের নেতা-কর্মীতে পূর্ণ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই মাঠে নেতা-কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।
রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মেট্রো রেলের ডিপো উদ্বোধন করতে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ।
প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা, উপজেলা প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে পথঘাট।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় সকাল থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।