নগরকণ্ঠ ডেস্ক
- শুক্রবার ৩ ফেব্রুয়ারি, ২০২৩ /
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত জানুয়ারি মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৩২ টাকা। ফেব্রুয়ারি মাসের জন্য তা ২৬৬ টাকা বাড়িয়ে এক হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মূল্যবৃদ্ধির হার ২১.৫৯ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
মূল্যস্ফীতির মধ্যে এমনিতে চাপের মধ্যে আছে ভোক্তারা। নতুন করে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বৃদ্ধিতে ভোক্তারা আরো চাপের মধ্যে পড়ল।
এদিকে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি। সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।
বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১২৪ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।
এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ টাকা ৭১ পয়সা।