বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
দেশে প্রতিদিন প্রায় ৫০০ মানুষের ক্যান্সার শনাক্ত হচ্ছে। সবচেয়ে বেশি রোগী ফুসফুস ক্যান্সারের। ধূমপান ও পরিবেশ দূষণকে এর বড় কারণ বলছেন চিকিৎসকেরা। তারা বলছেন, সচেতন হলে ৪০ ভাগ ক্যান্সার প্রতিরোধ সম্ভব।
দেশে বাড়ছে অসংক্রামক রোগের প্রকোপ। মোট মৃত্যুর ৬৭ ভাগই অসংক্রামক রোগে। হৃদরোগের পর সবচেয়ে বেশি মানুষ মারা যায় ক্যান্সারে।
দেশে বছরে দুই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, পুরুষদের ক্যান্সারের ১৪ ভাগ খাদ্যনালী, ১১ ভাগ ফুসফুসের, ১০ ভাগ মুখের, ৬ ভাগ পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। তবে দেশের বিভিন্ন হাসপাতালের তথ্যে দেখা যাচ্ছে, পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুসের ক্যান্সারে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, নারীরা বেশি আক্রান্ত হচ্ছে স্তন ও জরায়ুমুখের ক্যান্সারে। শনাক্তদের ১৯ ভাগের স্তন ও ১২ ভাগে জরায়ুমুখের ক্যান্সার। এই হার দিন দিন বাড়ছে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রাশেদ জাহাঙ্গীর কবির বলেন, দেশে প্রতি বছর এক লাখের বেশি মানুষ ক্যান্সারে মারা যায়। ফুসফুস, পাকস্থলী ও স্তন ক্যান্সারে মৃত্যুহার বেশি। অপ্রতুল ও ব্যয়বহুল চিকিৎসা এবং দেরিতে শনাক্তের কারণে কমানো যাচ্ছে না মৃত্যু।
বড়দের পাশাপাশি গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে শিশুদের ক্যান্সার। চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে বেশির ভাগ ক্ষেত্রেই শিশুদের ক্যান্সার ভাল হয়।