বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই নেতা-কর্মীরা আসা শুরু করেছে। কেন্দ্রীয় নেতারাও চলে এসেছেন। বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা আসছে।
মহানগরীর কে ডি ঘোষ রোডের কেসিসি মার্কেট ও জেলা পরিষদ ভবনের সামনে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা।
এছাড়া বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।
খুলনা মহানগর বিএনপির সদস্য ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক এহতেশামুল হক শাওন বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস, নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয়ভাবে দেশের সকল বিভাগীয় সদরে এই সমাবেশ পালন করছে। বিভাগীয় সমাবেশ সফল করতে সপ্তাহব্যাপী খুলনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। জেলায় জেলায় হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসবে বলে জানান তিনি।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, সমাবেশের জন্য আমরা সোনালী ব্যাংক চত্বর অথবা শহীদ হাদিস পার্কের যেকোনো একটি জায়গা চেয়েছিলাম। তা না দিয়ে আমাদের কেসিসি মার্কেটের কাছে জায়গা দেয়া হয়েছে। শুক্রবার দুপুর থেকে আমরা মাইক টানানো ও রাত থেকে মঞ্চ তৈরির কাজ শুরু করেছি। এখন সব কাজ প্রায় শেষের পথে। শুক্রবার রাত ১১টা থেকে নেতা-কর্মীরা আসা শুরু করেছে। কেন্দ্রীয় নেতারাও চলে এসেছেন বলে জানান তিনি।